রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
রোববার (২৯ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী।
তিনি জানান, রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ভূমি অফিসের সীমানাপ্রাচীরের বাইরে থেকে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা দোতলার জানালার পাশে বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়। এতে অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, আগুন দেখতে পেয়ে ভূমি অফিসের নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

